তুরস্কে কপ-৩১-এ ইপসা’র সাইড ইভেন্ট অনুষ্ঠিত – জলবায়ু বাস্তুচ্যুত মানুষের জন্য টেকসই সমাধানের আহ্বান

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে বৈশ্বিক জলবায়ু নীতিমালায় জলবায়ুজনিত অভিবাসন ও বাস্তুচ্যুতির বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা, ‘লস অ্যান্ড ড্যামেজ’ (ক্ষয়ক্ষতি) মোকাবিলায় অর্থায়ন বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বাধীন উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে ইপসা ও আলোচকরা।
গত ১৬ নভেম্বর ২০২৬, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর একটি পার্শ্ব-আলোচনা অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। আলোচনায় বিশেষ করে নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য প্রান্ত্কি জনগোষ্ঠীসহ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইপসার উদ্যোগে ‘ক্লাইমেট মোবিলিটি অ্যান্ড লস অ্যান্ড ড্যামেজ: পলিসি, ফাইন্যান্স অ্যান্ড লোকালি লেড অ্যাকশন’ শীর্ষক পার্শ্ব-আলোচনাটি সম্মেলনের সাইড ইভেন্ট রুম-৭ (হাসানকিফ)-এ অনুষ্ঠিত হয়। এতে কো-হোস্ট হিসেবে সহযোগিতা করে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

আলোচনায় প্যানেল আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার শিরিন সুলতানা; বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার; ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর ফারহানা আফরোজ; ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের পরিচালক হিদার ম্যাকগ্রে; ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান এবং ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহান।
জলবায়ু বাস্তুচ্যুত মানুষের বহুমাত্রিক সংকট তুলে ধরে ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান বলেন, বাস্তুচ্যুত মানুষকে নিজ এলাকা ছেড়ে আসার সময় যেমন ক্ষয়ক্ষতি ও দুর্ভোগের মুখোমুখি হতে হয়, তেমনি নতুন জায়গায় গিয়েও তাদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।
তিনি বলেন, “বাস্তুচ্যুত মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে আমরা দেখেছি, তারা যে স্থান থেকে বাস্তুচ্যুত হন, সেখানেও দুর্ভোগের শিকার হন এবং যে স্থানে গিয়ে আশ্রয় নেন, সেখানেও তাদের কষ্ট পোহাতে হয়। গন্তব্যস্থলে তাদের দুর্ভোগ আরও বেশি, কারণ সেখানে তাদের সম্পূর্ণ ভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয় এবং অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক পেশায় যুক্ত হতে হয়। তাদের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে, যাতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিচালনা করতে পারেন।”
নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্ত্কি জনগোষ্ঠীসহ ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী কীভাবে তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখতে পারে-এমন এক প্রশ্নের জবাবে ড. মো: আরিফুর রহমান তাদের সক্ষমতা বৃদ্ধি, জীবিকার সুযোগ সম্প্রসারণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জলবায়ু বাস্তুচ্যুত পরিবারগুলোর সহায়তায় ইপসার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে সংস্থাটির পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেন, সুইজারল্যান্ড এবং সলিডার সুইস এর সহযোগিতায় বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং তাদের জীবিকা পুনর্গঠনে ইপসা কাজ করছে। তিনি দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করতে তথ্য-প্রমাণভিত্তিক পরিকল্পনা, অধিকারভিত্তিক উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, জলবায়ুজনিত বাস্তুচ্যুতির কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতিকে শুধু প্রাকৃতিক দুর্যোগের তাৎক্ষণিক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এর সঙ্গে মানুষের ঘরবাড়ি, আয়, জীবিকা, সামাজিক যোগাযোগ ও পারিবারিক-সামাজিক বন্ধন হারানোর বিষয়গুলোও যথাযথভাবে বিবেচনায় নিতে হবে।
জলবায়ু অর্থায়ন ও সম্পদ সংগ্রহের চ্যালেঞ্জ প্রসঙ্গে সুইজারল্যান্ড দূতাবাসের প্রোগ্রাম ম্যানেজার শিরিন সুলতানা বলেন, অনেক উন্নয়ন সহযোগী বর্তমানে এ খাত থেকে তাদের সম্পৃক্ততা কমিয়ে আনছে। এমন পরিস্থিতিতে বিদ্যমান সম্পদের কার্যকর ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, “আমরা সবাই বাস্তবতা সম্পর্কে অবগত। তবে এখনই সময় আমাদের দেখানোর যে, আমরা কতটা দক্ষতার সঙ্গে বিদ্যমান সম্পদ ব্যবহার করতে পারি এবং কীভাবে সম্মিলিতভাবে কাজ করতে পারি।” তিনি সরকার, বেসরকারি খাত ও স্থানীয় সংস্থাগুলোর মধ্যে অংশীদারত্ব জোরদার এবং জলবায়ু সংকটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় অর্থায়ন নিশ্চিত করতে বাস্তবায়নযোগ্য প্রকল্পের একটি সমৃদ্ধ প্রকল্পভান্ডার গড়ে তোলার আহ্বান জানান।
জলবায়ুজনিত বাস্তুচ্যুতি মোকাবিলায় বাংলাদেশের নীতিগত উদ্যোগ তুলে ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার বলেন, এ বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, “জলবায়ুজনিত বাস্তুচ্যুতি মোকাবিলায় বাংলাদেশ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২১ সালে ‘জাতীয় অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র’ এবং ২০২২ সালে এর কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAP) এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC)-এর মধ্যেও জলবায়ুজনিত অভিবাসন ও বাস্তুচ্যুতির বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।”

ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ডের পরিচালক হিদার ম্যাকগ্রেও আলোচনায় অংশ নিয়ে জলবায়ু ন্যায়বিচার এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বাধীন উদ্যোগ জোরদারের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা মত দেন যে, জলবায়ুজনিত অভিবাসন ও বাস্তুচ্যুতিকে জলবায়ু অভিযোজন, দুর্যোগ ঝুঁকি হ্রাস, উন্নয়ন পরিকল্পনা এবং বৈশ্বিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ কার্যক্রমের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি কেবল মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার বিষয় নয়; এর সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও মানবাধিকারসংক্রান্ত্ জটিল সংকট জড়িত। এসব সংকট মোকাবিলায় প্রয়োজন সমন্বিত, অধিকারভিত্তিক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ।
আলোচনায় আরও উঠে আসে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রয়োজনের তুলনায় জলবায়ু অর্থায়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ এখনও সীমিত। স্থানীয় জনগোষ্ঠী তাদের ঝুঁকি, দুর্বলতা ও অগ্রাধিকার সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা রাখলেও নীতিনির্ধারণে প্রভাব বিস্তার এবং সরাসরি অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে তারা প্রায়ই নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়।
অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, জলবায়ু আলোচক, অর্থায়নকারী প্রতিষ্ঠান, দাতব্য ও জনকল্যাণমূলক সংস্থা, গবেষক, নাগরিক সমাজেরট প্রতিনিধি এবং যুব ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনাটি জলবায়ু বাস্তুচ্যুতি মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময়, নীতিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরা এবং সম্মিলিত উদ্যোগের সম্ভাবনা অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।