প্রধানমন্ত্রীর কাছে ইপসার ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ ও ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ প্রদর্শন

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর দুটি উদ্ভাবনী উদ্যোগ ‘মাল্টিমিডিয়া টকিং বুক’ এবং ‘অ্যাক্সেসিবল ডিকশনারি’ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে প্রদর্শন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত “তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠানে a2i-এর সহযোগিতায় ইপসার এসব উদ্ভাবন উপস্থাপন করা হয়।

উদ্ভাবন দুটি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন a2i-এর Accessibility Consultant ভাস্কর ভট্টাচার্য এবং ইপসার প্রোগ্রাম ম্যানেজার ফওজিয়া চৌধুরী দিবা।
প্রদর্শনীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, সহজলভ্য শিক্ষা উপকরণ তৈরি এবং পাঠ্যবিষয়কে আরও ব্যবহারবান্ধব করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসব উদ্যোগের কার্যকারিতা ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হয়ে প্রধানমন্ত্রী উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন।
একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে আরও তথ্যপ্রযুক্তিনির্ভর, গতিশীল ও সহজলভ্য করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উদ্ভাবন-সংক্রান্ত গবেষণা প্রকাশনা গ্রহণ করেন।
ইপসার এই উদ্যোগগুলো প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিকাশে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্ভাবন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।